আদর্শ শিক্ষকের বিদায়: সম্মান ও ভালোবাসায় ভাসলেন গোলাম মাওলা


admin প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৯:২৮ PM /
আদর্শ শিক্ষকের বিদায়: সম্মান ও ভালোবাসায় ভাসলেন গোলাম মাওলা

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ৮২ নং খানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিবচর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলার বিদায় অনুষ্ঠান।

রবিবার(৫ এপ্রিল) দুপুরে খানকান্দি এস. এ. আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও সুধীজনদের উপস্থিতিতে মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।

জানা যায়, গোলাম মাওলা ১৯৯০ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ১৯৯৩ সালে ৮২ নং খানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শিবচর উপজেলা ও মাদারীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এছাড়া তিনি শিক্ষা বিষয়ক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ভিয়েতনাম সফর করেন। ২০১৬ সাল থেকে অবসর গ্রহণ পর্যন্ত তিনি শিবচর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার উম্মে হাবিবা রুপা, খানকান্দি সৈয়দ আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী ফকির, সাংবাদিক মো. আবুল খায়ের খান, শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ শিক্ষক নেতা ইলিয়াস আহাম্মেদ, আলমগীর হোসেন, সামসুল আলম সিদ্দিকী, রেবা আক্তার, রোকসানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে অনেকেই শিক্ষক হন, কিন্তু কিছু মানুষ তাদের কর্ম ও আদর্শ দিয়ে আলাদা হয়ে ওঠেন—গোলাম মাওলা তেমনই একজন। তিনি শুধু একজন শিক্ষকই নন, একজন দক্ষ শিক্ষক নেতা হিসেবেও শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সততা, দায়িত্ববোধ এবং নেতৃত্বগুণ নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গোলাম মাওলাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী বক্তব্যে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধায় ভরা এই বিদায় অনুষ্ঠান উপস্থিত সবার হৃদয়ে গভীর ছাপ রেখে যায়।

2