ময়মনসিংহে হুবহু একই খবর ছাপায় ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১০:২০ PM / ১২৩
ময়মনসিংহে হুবহু একই খবর ছাপায় ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘন করায় ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। একই তারিখে ও একই ভাষায় সংবাদ প্রকাশ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাতিলের আদেশ জারি করা হলেও বিষয়টি প্রকাশ পায় আজ সোমবার (১৩ অক্টোবর) সোমবার।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো,
দৈনিক ঈষিকা, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক দেশের খবর, হৃদয়ে বাংলাদেশ, দৈনিক আজকের ময়মনসিংহ, সাপ্তাহিক পরিধি, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক কিষানের দেশ, দৈনিক জাহান ও দৈনিক অদম্য বাংলা।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, অনুমোদিত ছাপাখানা থেকে পত্রিকাগুলো ছাপা হয়নি। এছাড়া ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘন করায় ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

এরআগে চলতি বছরের ১৬ এপ্রিল জেলা প্রশাসন ১৩টি পত্রিকার সম্পাদক ও প্রকাশককে শোকজ নোটিশ দিয়েছিল। অভিযোগ ছিল বিভিন্ন পত্রিকায় একই দিনে একই সংবাদ হুবহু প্রকাশ করা হয়েছে।

সেই শোকজ পাওয়া পত্রিকাগুলোর মধ্যে দৈনিক সবুজ ও দৈনিক নিউ টাইমস বাদে বাকি ১১টি পত্রিকার ডিক্লারেশন এবার বাতিল হলো।

দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফএমএ ছালাম বলেন, ডিক্লারেশন বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। আমরা হাইকোর্টে যাব।

একইভাবে দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা–এর সম্পাদক আ ন ম ফারুক জানান, আমরাও এখনো চিঠি পাইনি। পেলে আইনি ব্যবস্থা নিবো। সূত্র: বার্তা বাজার।

2