মাদারীপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ২০


admin প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৭:৩১ PM / ৪৩০
মাদারীপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ২০

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর মাদরাসার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।

গুরুতর আহতরা হলেন, শিহাব (১৮), রবিউল আলম (৪৬), মোহাম্মদ লিটন (৫০) ও তার স্ত্রী জোসনা (৪০), রেজাউল (২৫), সাজ্জাদুল (২৩), মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০)। তারা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং বাকি আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপ চালকসহ অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় আরিফ (২৫) ও আছমত (২৮) নামে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এসময় দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। পরে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

2