শিবচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৬, ৪:১৫ PM / ০
শিবচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হরিশ চন্দ্র বোস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ এবং নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদ মিয়া। এ ছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, পরিকল্পিত প্রস্তুতি এবং জনসচেতনতা অত্যন্ত জরুরি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী সংস্থার সহায়তা নেওয়া উচিত। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীদের দুর্যোগের আগাম প্রস্তুতি, নিরাপদে অবস্থান এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি প্রতিরোধ এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

2