শিবচরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা, জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ


admin প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৪:৩৬ PM / ০
শিবচরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা, জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আবুল হাসানাত(আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা ও জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলে পরিবারগুলোর সহায়তায় প্রত্যেকের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার চরজানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মা ইলিশ সংরক্ষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার, প্রশাসন, জেলে সম্প্রদায় ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই ২২ দিন জেলেদের নদীতে না যাওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের সাময়িক অসুবিধা হলেও ভবিষ্যতে এর সুফল তারাই ভোগ করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষার কোনো বিকল্প নেই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পাশে সরকার মানবিক সহায়তা নিয়ে থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘব করতে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, প্রতিবছর মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির সময় জেলেদের একটি নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা থেকে বিরত থাকতে হয়। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে এ নিষেধাজ্ঞা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাংলাদেশের জাতীয় সম্পদ এবং দেশের অর্থনীতি ও মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অংশ। তাই নিজেদের ভবিষ্যৎ ও দেশের স্বার্থে জেলেদের ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক জেলে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে। এতে ভবিষ্যতে জেলেদের আয় ও জীবিকা আরও সমৃদ্ধ হবে। তাই সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদি সুফলের কথা বিবেচনা করে সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

এদিকে নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলেও সংশ্লিষ্টরা জানান।

সভায় জেলেদের উদ্দেশে মা ইলিশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি সহায়তা যথাযথভাবে গ্রহণ করে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

2