
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলায়। মাত্র ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির এই উদ্যোগে নিম্নআয়ের অনেক পরিবারের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে।
বৃহস্পতিবার(১২ মার্চ) সকালে শিবচর উপজেলা পরিষদ গেটের সামনে, হাসপাতালের বিপরীতে একটি অস্থায়ী মাংস বিক্রয় কেন্দ্র চালু করা হয়।
এই কার্যক্রমের উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান। উদ্বোধনের পরপরই সাশ্রয়ী দামে মাংস কিনতে মানুষের ব্যাপক ভিড় দেখা যায়।
উদ্যোগটির আওতায় একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত গরুর মাংস কিনতে পারছেন। বাজারে যেখানে গরুর মাংসের দাম অনেকের নাগালের বাইরে, সেখানে এমন ন্যায্যমূল্যের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন দিনমজুর, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, ঈদ উপলক্ষে স্বল্প আয়ের মানুষ যেন সাশ্রয়ী মূল্যে গরুর মাংস কিনতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সব শ্রেণির মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই প্রশাসনের এই ছোট প্রচেষ্টা।
মাংস কিনতে আসা একাধিক ক্রেতা জানান, ঈদের সময় পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। অনেকের চোখে-মুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ।
স্থানীয়দের আশা, এই কার্যক্রম যদি আরও কয়েকদিন চালু থাকে, তাহলে আরও অনেক পরিবার ঈদের আগে সাশ্রয়ী দামে মাংস কিনে ঘরে বাড়তি আনন্দ আনতে পারবে। তাদের মতে, ছোট একটি উদ্যোগই অনেক মানুষের ঈদের আনন্দকে সত্যিকারের আনন্দে পরিণত করতে পারে।
আপনার মতামত লিখুন :