কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দেবার অভিযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি


admin প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৪, ১১:০৭ AM /
কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দেবার অভিযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে বসতঘরসহ দুইটি ঘরে আগুন দেবার অভিযোগ উঠেছে। আগুনে আব্দুল লতিফ মৃধার বসতঘর ও রান্না ঘর পুরে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বুধবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে কালকিনি উপজেলার পশ্চিম আলীপুর গ্রামের রাজ্জাক কাজীর ছেলে আসিব কাজির সাথে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা গতকাল উভয় পক্ষকে মিলিয়ে দেয়। কিন্তু এতে দুই পক্ষের মিল হয়না। রাতে তারাই আবার আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করে আগুনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার। প্রথমে রান্না ঘরে আগুনের সুত্রপাত হলেও পরে বসতঘরে আগুন লেগে পুরে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী আব্দুল লতিফ মৃধা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ঘরে ওরা আগুন লাগিয়েছে। আমি নিজের জামাটিও বের করতে পারিনি। আমাদের সব শেষ হয়ে গেল।

এবিষয়ে জানতে চাইলে রাজ্জাক কাজির ছেলে মোঃ শওকত কাজী বলেন, এ বিষয়ে আমরা কিছু জানিনা। গতকাল স্থানীয়রা আমাদের মাঝে যে সমস্যা ছিল তা সমাধান করে দিয়েছে। আগুনের বিষয়ে আমরা জড়িত নই।

পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বসতঘরসহ দুটি ঘর পুরে গেছে। সরকারিভাবে তাদের সাহায্য করা হবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন, কিভাবে আগুন লেগেছে সঠিক বলতে পারছি না। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।