কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫


admin প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ১২:১৭ PM / ৩৯৭
কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় হামলায় পুলিশ ও সাংবাদিকসহ প্রায় ১৫ জন আহত হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কালকিনি উপজেলা চত্বরে দুপুরে মাদারীপুর-৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা তার কিছু কর্মী ও সমর্থকদের নিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেখা করতে আসেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে তার কর্মী-সমর্থকদের নিয়ে জড়ো থাকা অবস্থায় একই সংসদীয় আসনের বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিন সাথে বাকবিতণ্ডা হয়। পরে তা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাতল মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা, স্থানীয় সাংবাদিক সবুজ খানসহ আহত হয় প্রায় অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর উপজেলা চত্বরে থমথমে অবস্থা বিরাজ করায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জানান, এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।