
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে বোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতার গণপিটুনিতে তাইজুল সরদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
হামলায় আহত হয়েছেন আরোও ৪ জন। তাদের মধ্যে দুই ভাই মহাসিন ও জহির চৌকিদারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে। তিনি আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বোরকা পরিহিত চার যুবক হানিফের চায়ের দোকানের সামনে অটোরিকশা থেকে নেমে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে তারা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার, মহাসিন ও জহির চৌকিদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর স্থানীয়রা ধাওয়া করলে তিনজন পালিয়ে যায় এবং তাইজুল আটক হন। পরে গণপিটুনিতে আহত তাইজুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, হামলায় জড়িতদের মধ্যে তাইজুল, সাইফুল ও আলামিনকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।