
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত সজীব মাতুব্বর (১৮) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সজীব মাতুব্বর একই গ্রামের আব্দুল হাই মাতুব্বরের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের ওই ৫ বছর বয়সী শিশুকে একটি দোকানের সামনে থেকে বিস্কুট ও চানাচুরের প্রলোভন দেখায় সজীব মাতুব্বর। পরে তাকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় । এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় সজীব। পরে আজ শুক্রবার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত সজীব মাতুব্বরকে এলাকায় দেখতে পেয়ে আটক করে কালকিনি থানা পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে ঘটনাটিকে সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্তের পরিবার।
আটক সজীবের মা রনিয়া বেগম বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ওই শিশুটি আমার আপন ভাইয়ের মেয়ে। তবে তাদের সাথে আমাদের পারিবারিক শত্রুতা রয়েছে, যার জেরে এই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। মেয়েটি খুবই ছোট, সে নিজেই আমার ছেলের পেছনে পেছনে গিয়েছিল। আমার ছেলে নির্দোষ।
এবিষয়ে মেয়ের বাবা বলেন, আমি এর সঠিক বিচার চাই। যাতে এমন আর কেউ না করে।
এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একজন যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :