জনবল ঘাটতিতে ব্যাহত সেবা, শিবচরে সমন্বয় সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৭:৫৮ PM /
জনবল ঘাটতিতে ব্যাহত সেবা, শিবচরে সমন্বয় সভা অনুষ্ঠিত

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা।

এ পরিস্থিতিতে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সোমবার(১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের ময়না কাটা হলরুমে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মেহেজাবিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি থাকলেও দক্ষ জনবল না থাকায় অনেক গুরুত্বপূর্ণ যন্ত্র ব্যবহার করা যাচ্ছে না। ফলে রোগীদের চিকিৎসার জন্য জেলা সদর কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে, যা সময় ও ব্যয়ের অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, চিকিৎসক ও নার্সের একাধিক পদ শূন্য থাকায় কর্মরতদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। তিনি উল্লেখ করেন, একজন গাইনি কনসালটেন্ট থাকলে হাসপাতালে সিজারিয়ান সেকশন চালু করা সম্ভব হতো। এছাড়া হাসপাতালটিতে ক্লিনার ও আয়া না থাকায় সার্বিক সেবার মান ব্যাহত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডিও লেটারের মাধ্যমে জনবল নিয়োগের দাবি জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করে রোগীদের যথাযথ সেবা প্রদান করতে হবে। পাশাপাশি হাসপাতালের দৃশ্যমান স্থানে অভিযোগ বাক্স স্থাপন এবং রোগীদের খাবারের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মেহেজাবিন জানান, ১০০ শয্যার এই হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায় সিজারিয়ান সেকশন বন্ধ রয়েছে। এছাড়া সনোলজিস্ট ও রেডিওলজিস্টের অভাব রয়েছে, এমনকি আয়া ও সহায়ক কর্মচারীরও সংকট রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালা বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হবে। শূন্য পদ পূরণে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই জনবল সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।