জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাসার সিদ্দিকীর গণসংযোগ ও র‍্যালি


admin প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৮:৪৯ PM / ২৭৭
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাসার সিদ্দিকীর গণসংযোগ ও র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর পৌর শহরের বুদ্ধিজীবী চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, শিবচর উপজেলা বিএনপির সদস্য এবং মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকী। এসময় দলীয় নেতা-কর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেন।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আবুল বাসার সিদ্দিকী বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের ফ্যাসিবাদী হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। আমি নিজেও দেশে ফিরে আসতে পারিনি রাজনৈতিক হয়রানির কারণে। তবুও আমরা দমে যাইনি। বিএনপি জনগণের দল— এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করবো। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপিকে আবারও জনগণের কাছে ফিরিয়ে আনব।

গণসংযোগ ও র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন—
শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাসান আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিন বেপারী, উপজেলা যুবদল নেতা মো. রুবেল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবীব দেওয়ান, কাঁঠালবাড়ী ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল নেতা হিমেল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার বেপারী, নোয়াব বেপারীসহ বিপুল সংখ্যক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।