টানা বৃষ্টিতে শিবচরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার


admin প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৫:৫১ PM /
টানা বৃষ্টিতে শিবচরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চঁর বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে শতাধিক পরিবারের বসতবাড়ি, উঠান ও একটি ধর্মশালা। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রান্নাবান্না, চলাচল থেকে শুরু করে টয়লেট ব্যবহার—সবকিছুতেই নেমে এসেছে ভোগান্তি।

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বাড়ির উঠান ও ঘরের মেঝে পানিতে ডুবে রয়েছে। অনেকে ইট, বাঁশ ও কাঠের তক্তা বিছিয়ে ঘরের ভেতরে চলাচল করছেন। কোথাও রান্নাঘরের চুলাও পানির নিচে চলে যাওয়ায় খাবার প্রস্তুত করতেও হিমশিম খেতে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে বসবাসকারী পরিবারগুলো।

জলাবদ্ধতার কবল থেকে রেহাই পায়নি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানও। স্থানীয় মন্দির ও ধর্মশালায় পানি ঢুকে পড়ায় নিয়মিত পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার চারপাশে একের পর এক সড়ক নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন, খাল কিংবা কালভার্ট রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই পানি আটকে গিয়ে দীর্ঘ সময় ধরে জমে থাকে। বছরের প্রায় অর্ধেক সময়ই তাদের জলাবদ্ধতার দুর্ভোগে কাটাতে হয়।

বাসিন্দারা জানান, ঘরে পানি ঢুকে বিছানাপত্র, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হচ্ছে। টয়লেটে পানি উঠে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। পাশাপাশি পানি জমে থাকায় সাপের উপদ্রবও বৃদ্ধি পেয়েছে, যা ছোট শিশুদের নিয়ে পরিবারগুলোকে আরও আতঙ্কিত করে তুলেছে।

স্থানীয় বাসিন্দা পারবতি রায় বলেন,প্রতি বছর বর্ষা এলেই একই দুর্ভোগ পোহাতে হয়। তবে এবার পরিস্থিতি আরও ভয়াবহ। মন্দিরে যেতে কষ্ট হচ্ছে, ধর্মশালাও ব্যবহার করা যাচ্ছে না। আমরা চাই দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হোক।

আরেক বাসিন্দা রাঘু চন্দ্র পাল বলেন,এলাকার চারদিকে রাস্তা হয়েছে, কিন্তু পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি সমাধান না হলে এ দুর্ভোগ কখনোই দূর হবে না।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন,জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করা হবে। পানি নিষ্কাশনে কোথায় সমস্যা রয়েছে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

2