মাদারীপুর প্রতিনিধি:
মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি কিশলয় কেজি বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী আরিয়ান আহমেদ।
এ অসামান্য সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
গত ২৪ নভেম্বর মঙ্গলবার বিদ্যালয় কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আরিয়ান আহমেদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস তাকে পুরস্কার প্রদান করেন।
আরিয়ানের এ অর্জনে তার পরিবারও অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার পিতা ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, “ছেলের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রম রয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার প্রত্যাশা, সে ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।”
আরিয়ানের এ সাফল্যে বিদ্যালয়ের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং পরিবার, বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনবে।