
মাদারীপুরের শিবচরে জমির নামজারি সেবা দিতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের এক কর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নোয়াব আলী। তিনি শিবচর উপজেলা ভূমি অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এক নারী সেবা গ্রহীতা জমির নামজারি সংক্রান্ত কাজে ভূমি অফিসে গেলে নোয়াব আলী তার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে ওই নারী টাকা পরিশোধ করলেও দীর্ঘদিনেও নামজারি সম্পন্ন না হওয়ায় বিষয়টি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করেন।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর নোয়াব আলীকে কার্যালয়ে ডেকে এনে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে পুলিশ তাকে শিবচর থানায় হস্তান্তর করে। বুধবার তাকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন,
নোয়াব আলী যে কাজটি করেছে তা সম্পূর্ণ অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের সেবা পেতে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :