বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শিবচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৩:৫৫ PM / ১১২
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শিবচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাদারীপুরের শিবচর উপজেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা, শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর সভাপতিত্বে এবং ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি আল আমিনের সঞ্চালনায় বাসার সিদ্দিকীর নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার।

সভাপতির বক্তব্যে বাসার সিদ্দিকী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সাহসী এক নেত্রী। তিনি ব্যক্তিগত কষ্ট, কারাবরণ ও নিপীড়নের মধ্য দিয়েও দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে কখনো পিছপা হননি। আজ আমরা তাঁর রুহের মাগফেরাত কামনায় এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তিনি আরও বলেন, নেত্রী খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা আগামীর আন্দোলন ও নির্বাচনী সংগ্রামে ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে বিএনপি বারবার মানুষের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করে, সাধারণ মানুষের হৃদয়ে তিনি কতটা গভীরভাবে স্থান করে নিয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন তাঁকে ক্ষমা করেন ও সর্বোচ্চ মর্যাদা দান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মো. জহের গোমস্তা ও মো. হান্নান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন মোতাহার হোসেন হাওলাদার, দীপু হাওলাদার, আজমল হুদা চৌধুরী ইথু, হেমায়েত হোসেন খান, ইমতিয়ার চৌধুরী, বাকাউল করিম খান, নাসির ব্যাপারী, কামরুজ্জামান মিলন, বাবুল গোমস্তা, সাইদুজ্জামান জামাল ব্যাপারী, শাহীন গোমস্তা, মহিন ব্যাপারী, ছাত্রনেতা আব্দুল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।