মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: শিবচরে বিশেষ অভিযানে আটক ৪


admin প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৬:৫৩ PM /
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: শিবচরে বিশেষ অভিযানে আটক ৪

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলা-এ মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণব আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার চর কামারকান্দী ও নিলখী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন— আলম তাজ (৩৮), মিলন ভূইয়া (৪২), সাহিন শেখ (২২) ও হাফিজুল ইসলাম (২৬)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ৬ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংরক্ষণ ও কারবারের দায়ে সংশ্লিষ্টদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া মাদক সেবন ও পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে আরও কয়েকজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ-এর প্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক কারবারের অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দা ও পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযানটি সফলভাবে পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন,সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শিবচরের প্রতিটি ইউনিয়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রশাসনের এ কঠোর ও সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সচেতন মহল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।