মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১


admin প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৬:০৮ PM / ২৯৩
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যানের সঙ্গে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক শামীম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরোও ১০ জন।

শনিবার (১১ অক্টোবর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানটি ছিটকে পার্শ্ববর্তী রাস্তায় পড়ে গেলে সেলফি পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মরাদেহটি উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে ১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।