
মাদারীপুরে ডিবি পুলিশের কাছে ইয়াবা ও হিরোইন বিক্রি করতে এসে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাত ১০ টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় সদর উপজেলার পাঁচখোলা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ও ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পাঁচখোলা গ্রামের মৃত হেলাল উদ্দিন মাদবরের ছেলে ওয়াসিম মাদবর (৫২), একই উপজেলার কালিকাপুর গ্রামের চুন্নু মাতুব্বরের ছেলে আরমান মাতুব্বর (২৬) ও ছিলারচর নয়াকান্দি গ্রামের জালাল মুন্সির ছেলে মো. সজীব মুন্সি (৩০)।
মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার আসামিরা যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। তাদেরকে আটক করতে জাল পাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মাদক ব্যবসায়ীরা শেষ পর্যন্ত গোয়েন্দার পাতা ফাঁদে পা দেয় এবং ডিবির কাছে মাদক বিক্রি করতে আসে। এসময় মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরোও জানান, মাদক ব্যবসায়ী আরমানের নামে মাদকসহ ১৪টি মামলা এবং ওয়াসিমের নামে মাদকসহ ৮টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :