
মাদারীপুর-১ (শিবচর) আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নামও অন্তর্ভুক্ত ছিল।
তবে “অনিবার্য কারণবশত” তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে স্থগিতের কারণ স্পষ্টভাবে জানানো না হলেও, দলীয় সূত্রে জানা যায়—আসনটি নিয়ে স্থানীয় পর্যায়ে কিছু মতবিরোধ ও অভ্যন্তরীণ সমন্বয়ের বিষয় বিবেচনায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
এদিকে মনোনয়ন স্থগিতের প্রতিবাদে আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শিবচর পৌর এলাকার ৭১ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা।
বিক্ষোভকারীরা “নোমিনেশন ফিরিয়ে দাও” ও “সিদ্ধান্ত পুনর্বিবেচনা করো” স্লোগান দেন। সমর্থকদের দাবিতে তারা বলেন, “কামাল জামান মোল্লা শিবচরের জনপ্রিয় নেতা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না।”
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনার পর আসনটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থী নিয়ে নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :