
আবুল হাসানাত (আকাশ) শিবচর প্রতিনিধি:
প্রবাসে কর্মরত স্বামীর পাঠানো রেমিট্যান্স যেন হঠাৎই বদলে দিল রাবেয়ার জীবন। মালয়েশিয়া প্রবাসী মো. মোমিনুল শিকদার সম্প্রতি স্ত্রী মোসা. রাবেয়ার নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাজিতপুর শাখায় ২ লাখ ৫ হাজার টাকা পাঠান। আর এই রেমিট্যান্সই এনে দেয় অপ্রত্যাশিত সুখবর—কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব-২০২৬ এর মেগা পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল জিতে নিয়েছেন রাবেয়া।
বুধবার (৬ মে) সকাল ১১টায় বাজিতপুর শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রাবেয়ার হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ নজরে মঈন এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।
ব্যাংক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ৪০ দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’ আয়োজন করা হয়। এই সময়ে প্রবাসীরা কৃষি ব্যাংকের মাধ্যমে দেশে যে রেমিট্যান্স পাঠান, সেই গ্রাহকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।
সারাদেশের ১ হাজার ৩৮টি শাখার মধ্যে বাজিতপুর শাখার গ্রাহক রাবেয়া প্রথম বিজয়ী হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই কৃষি ব্যাংকের প্রধান লক্ষ্য। প্রবাসীদের কঠোর পরিশ্রমে অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কার পেয়ে আবেগাপ্লুত রাবেয়া বলেন,আমি কখনো ভাবিনি স্বামীর পাঠানো টাকায় এমন বড় পুরস্কার পাব। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে ব্যাংকের কর্মকর্তারা বাড়িতে এসে জানালে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত হই। কৃষি ব্যাংককে আন্তরিক ধন্যবাদ।
এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :