
শিবচর উপজেলা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করা হয় শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পাচ্চর গোল চত্বর, শিবচর কলেজ মোড় এবং একাত্তর চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় সড়ক পরিবহন সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত হয় এবং শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকরা সতর্ক থাকেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মননিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে শোভাযাত্রায় অংশ নেন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ। শোভাযাত্রার সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইন।
আয়োজক সূত্রে জানা যায়, শোভাযাত্রায় তিন শতাধিক মোটরসাইকেল, অটোবাইক ও প্রাইভেট কার অংশগ্রহণ করে। শোভাযাত্রায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী, যুবক, শিক্ষার্থী এবং স্থানীয় সমর্থকরা অংশগ্রহণ করে তাদের একতা ও সংহতির বার্তা দেন।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্য নেতারা উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান। অনুষ্ঠানে দোয়া পাঠের মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয়রা এই শোভাযাত্রাকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের সংহতির প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
আপনার মতামত লিখুন :