শিবচরে খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণে জনসম্পৃক্ততা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৭:১৮ PM / ১৭২
শিবচরে খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণে জনসম্পৃক্ততা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলীয় সাংগঠনিক তৎপরতা জোরদার করা, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং জনগণের কাছে দলের রাজনৈতিক দর্শন তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মসূচি পালন করা হয়।

শিবচর পৌর বাস টার্মিনাল থেকে গণসংযোগ শুরু করে নেতাকর্মীরা বাজারের প্রধান সড়ক ও ৭১ সড়ক প্রদক্ষিণ করেন। পরে শিবচর পৌর সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করা হয়।

এ সময় বাজারে আগত পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে দলের রাজনৈতিক আদর্শ, সমাজকল্যাণমূলক ভাবনা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ আলম তালুকদার। কর্মসূচির সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং দলের প্রতি জনগণের মনোভাব জানার চেষ্টা করেন।

কর্মসূচি শেষে মাওলানা শাহ আলম তালুকদার বলেন,
“শিবচরের মানুষ আমাদের যে আন্তরিকতা ও সাড়া দিয়েছেন, তা আমাদের আরও দায়িত্বশীল ও প্রত্যয়ী করেছে। দেশের সামগ্রিক উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গরিব ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন,
“বৃহত্তর জাতীয় স্বার্থে যদি অভিজ্ঞ মুরুব্বীদের পরামর্শে একটি ঐক্যবদ্ধ জোট গঠনের সিদ্ধান্ত আসে, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে। জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী হবেন, তাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব।”

নিজের প্রার্থীতা প্রসঙ্গে তিনি বলেন, “দল ও জোটের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তবে শিবচরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিজয় অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। এ জন্য সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সার্বিকভাবে কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।