শিবচরে জনগণের ভালোবাসায় সিক্ত কামাল জামান মোল্লা, বিজয়ের প্রত্যয়ে নেতাকর্মীরা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৬:১৩ PM / ১৯০
শিবচরে জনগণের ভালোবাসায় সিক্ত কামাল জামান মোল্লা, বিজয়ের প্রত্যয়ে নেতাকর্মীরা

মাদারীপুরের শিবচর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড খাড়াকান্দি গ্রামের পান্নু বাওয়ালীর বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে সভাস্থলকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার টেকসই উন্নয়নের জন্য। শিবচরের মানুষ আমার পরিবারের মতো। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে শিবচর উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই অঞ্চলকে এগিয়ে নিতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিবচরের সার্বিক উন্নয়নে কাজ করব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশনায় আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যে প্রতীকেই আমাকে ভোট দেন না কেন, সেই ভোট হবে শিবচরের উন্নয়ন ও ভবিষ্যতের পক্ষে ভোট। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

উঠান বৈঠকে উপস্থিত বক্তারা বলেন, কামাল জামান মোল্লা সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। দত্তপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার সঙ্গে রয়েছে এবং নির্বাচনে তাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, প্রার্থী যে প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণ করুন না কেন, সেই প্রতীকেই ভোট দিয়ে তাকে জাতীয় সংসদে পাঠানো হবে।

বক্তারা কামাল জামান মোল্লাকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী উল্লেখ করে বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থ নয়—জনগণের কল্যাণে কাজ করবেন। তিনি নির্বাচিত হলে শিবচরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

উঠান বৈঠকে মহিলা নেত্রী কাজল রেখাসহ অন্যান্য নারী নেত্রীরা বলেন, “দত্তপাড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের ভোট নিশ্চিত করা হবে। কামাল জামান মোল্লাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে নারী সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহান হোসেন (সাজু) মোল্লা, শিশু সরদার, উপজেলা যুবদল নেতা শহিদুল মাতুব্বর, সুদংশ মেম্বার, মোতাবেক চেয়ারম্যান, জামাল শরিফ, ভুলু মাতুব্বর, শামসুল আলম, পান্নু বাওয়ালী, ঝুমুর চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠক শেষে কামাল জামান মোল্লার বিজয় কামনায় দোয়া করা হয়।