শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লাভলু সিদ্দিকীর র‍্যালি


admin প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৯:১৭ PM / ৩২৭
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লাভলু সিদ্দিকীর র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা একাত্তর চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির সূচনা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকির নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল ৪টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্ত্বরে জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার ও ফেস্টুন হাতে উচ্ছ্বাসমুখর পরিবেশে তারা অংশ নেন র‍্যালিতে। পুরো শহরজুড়ে ছিল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর আমেজ।

সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকিকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।

সসাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি তার বক্তব্যে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো। দলের দুঃসময়ে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। জুলুম-অত্যাচার-নির্যাতন সহ্য করেও আজও দলের সাথে আছি, দলের সাথে কখনো বেইমানি করিনি, করবো না। জনগণ আমাকে ভালোবাসে, তাই আমি জনগণের সাথেই আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে, এবং এই সংগ্রামে তৃণমূল নেতাকর্মীরাই দলের সবচেয়ে বড় শক্তি।

এসময় উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সদস্য সচিব মনজিল রহমান সিহাব, ওলামা দলের জেলা সদস্য সচিব কুতুবউদ্দিন মাদবর, মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল, উপজেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন মাদবর, যুবদল নেতা লিজন চৌধুরী, ওসমান বেপারী, শাহিন মিয়া, মিজান শিকদার, ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, তরুণ দলের জেলা সদস্য সচিব ইব্রাহিম মিয়া, সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

র‍্যালি ও সমাবেশে দলীয় ব্যানার-ফেস্টুন, শ্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।এই আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শিবচর শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।