
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক চিকিৎসকের পদায়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও বিতর্কিত কোনো ব্যক্তিকে শিবচরের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হলে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁদের দাবি, বর্তমানে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এবং সাবেক কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজন সাহার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
তাঁরা আরও অভিযোগ করেন, ডা. সুজন সাহা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় প্রচারণায় যুক্ত ছিলেন— এমন একাধিক প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তারা দাবি করেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিকভাবে বিতর্কিত কাউকে শিবচরের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব দেওয়া মেনে নেওয়া হবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তারা বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীনের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, তাঁর দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের সেবার মান দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। দালালচক্র নির্মূলসহ স্বাস্থ্যসেবা জনবান্ধব ও স্বচ্ছ করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
তবে সম্প্রতি তাঁকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, নির্বাচনের আগে একটি অদৃশ্য প্রভাবের মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা এই বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভকারীরা জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, শিবচরের মানুষের স্বার্থে বর্তমান কর্মকর্তাকে বহাল রাখা এবং বিতর্কিত চিকিৎসকের পদায়ন বাতিল করা সময়ের দাবি।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :