
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের পাচ্চর সোনারতরী প্লাজার পাশে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী শাওন চৌধুরী।
র্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পাচ্চর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সোনারতরী প্লাজার সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু।
অনুষ্ঠানে সদস্য সচিব প্রার্থী শাওন চৌধুরী বলেন, “যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। এটি কেবল বিএনপির সহযোগী সংগঠন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন সবসময়ই জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে রাজপথে ছিল, আছে এবং থাকবে। যেভাবে শহীদ জিয়া স্বাধীনতা এনে দিয়েছিলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরাও ফিরিয়ে আনব গণতন্ত্র ও জনগণের অধিকার।”
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল হবে সামনের সারির সৈনিক। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একটি দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক যুব সমাজ গঠনের লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল—আজও সেই লক্ষ্যেই সংগঠনটি কাজ করছে।
তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে নতুন বাংলাদেশ গঠন করবে, যেখানে যুব সমাজ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির চেতনায় যুব সমাজকে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে কর্মশক্তিতে রূপান্তর করাই যুবদলের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু, আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, উপজেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মুন্সি, মাদবরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর হাওলাদার, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শাজাহান মিনা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ফরাজি, জাসাস নেতা হানিফ মাদবরসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :