শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে কুপিয়ে হত্যা, দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী আটক


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৫:৪১ PM / ১২৬
শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে কুপিয়ে হত্যা, দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় শয্যাশায়ী ও অসুস্থ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে কুতুবপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত নারী রোকেয়া বেগম (৬০) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী আবুল হোসেন মৃধা (৬৫) একই এলাকার মৃত আকবর আলী মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, আবুল হোসেন একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবন চালাতেন। পরে তারা নিজ এলাকায় বসতঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীর সেবা করতে গিয়ে আবুল হোসেন মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

পুলিশ জানায়, ঘটনার সময় স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ আবুল হোসেন ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিস্তারিত অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।