
কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করে আখ ও গুড় উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রতিটি কৃষককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি সার এবং ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি আখ চাষে সেঁচ ব্যবস্থাপনা সহজ করতে প্রত্যেক কৃষকের নিজ নিজ ব্যাংক হিসাবে ১ হাজার ৪৪০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আখ একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। আধুনিক ও সঠিক পদ্ধতিতে আখ চাষ করলে কৃষকরা স্বল্প সময়ে ভালো লাভবান হতে পারবেন। সরকারের এই প্রণোদনা সহায়তা কৃষকদের আখ চাষে আরও আগ্রহী করে তুলবে এবং মাঠপর্যায়ে উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে উপজেলা কৃষি অফিস সবসময় প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচির ফলে একদিকে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে মাঠপর্যায়ে আখ ও গুড়ের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।
তিনি আরও বলেন, কৃষি খাতকে টেকসই ও শক্তিশালী করতে এবং কৃষকদের উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা, উপকারভোগী কৃষকবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় আখ চাষে তাদের আগ্রহ বহুগুণে বেড়েছে। ভবিষ্যতে উৎপাদন ভালো হলে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :