
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে প্রায় সাড়ে ৩২ কেজি ওজনের একটি বৃহৎ আকৃতির সামুদ্রিক কচ্ছপ বিক্রির পর উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে কচ্ছপটিকে নিরাপদে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
রোববার (১ মার্চ) দুপুরে শিবচর বাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, দুপুরে একটি চক্র বড় আকারের কচ্ছপটি শিবচর বাজারে নিয়ে আসে। পরবর্তীতে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন সড়কের পাশে কচ্ছপটিকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। বিষয়টি জানতে পেরে মৎস্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক প্রজাতির কচ্ছপ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীতে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।
এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ এবং জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :