
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন টেটাবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টেটাদ্ধিরা হলেন, সোহেলের মিয়ার ছেলে ইমরান হোসেন (২৮), হাবিবুর রহমান হাবিবের ছেলে লিটন (৪৮), মান্নানের মিয়ার ছেলে সোহাগ (৩৫) এবং কালাইচান মাতব্বরের ছেলে রিয়াজুল (২০)। এছাড়াও আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গুরুতর টেটাবিদ্ধ অবস্থায় রিয়াজুল ও ইমরানকে প্রথমে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাদবর ও জহিরুদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে জহির গ্রুপের সদস্য সোহাগ গাজী মার্কেট এলাকায় পাইপ ফিল্টারের কাজ করতে গেলে কালাইচান মাতবরের গ্রুপের কয়েকজন সোহাগের ওপর হামলা চালায়।
খবর পেয়ে জহিরুদ্দিনের লেকজন সোহাগকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে এবং টেটাবিদ্ধসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কালাইচান মাদবর ও জহির উদ্দিনকে তাদের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, পূর্ব শত্রুতার জেরে আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :