শিবচরে ইমারত হোসেনের উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার মাহফিল


admin প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৯:৪৮ PM /
শিবচরে ইমারত হোসেনের উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার মাহফিল

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় রোজাদার মুসল্লিদের সম্মানে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। হাজি শরিয়ত উল্লাহ (রহ.) সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইমারত হোসেনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ মার্চ) মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৯ নং ওয়ার্ডের মোল্লাকান্দি এলাকায় নিজ বাড়িতে শত শত রোজাদার মুসল্লিদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।

ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, স্থানীয় যুবসমাজ ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আলেমরা পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করেন।

আয়োজক ইমারত হোসেন বলেন,
রমজান মাস হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসে সবাই মিলে একসাথে ইফতার করার মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য তৈরি হয়, সেটি সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি এলাকার রোজাদার মানুষদের নিয়ে সামান্য একটি ইফতার মাহফিলের আয়োজন করতে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি সবসময় সমাজের মানুষের পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজানের এই মাহাত্ম্যপূর্ণ সময়ে সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিরা আয়োজককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।