প্রবাসী মাসুদ হাওলাদারের অর্থায়নে নির্মিত ব্রিজের উদ্বোধন


admin প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ৮:০০ PM /
প্রবাসী মাসুদ হাওলাদারের অর্থায়নে নির্মিত ব্রিজের উদ্বোধন

সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার কৃতি সন্তান ও দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মাসুদ হাওলাদারের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে পৌর এলাকার উত্তর রাজদীর একটি খালের উপর ব্রিজটি নির্মাণ করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে তার প্রতিষ্ঠিত ‘এক পরিবার ফাউন্ডেশন’ সার্বিক সহযোগিতা প্রদান করে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উত্তর রাজদী মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে ব্রিজটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্রিজটির উদ্বোধন করেন সমাজসেবক মাসুদ হাওলাদার।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মস্তফা বেপারী, সাবেক কাউন্সিলর ইউনুস আলী হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাসুদ হাওলাদার বলেন, “আমি সবসময় চেষ্টা করি আমার এলাকার মানুষের পাশে থাকতে। এই ব্রিজটি নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের চলাচল সহজ হবে—এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এ ধরনের কাজ অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।”

স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মিত হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়েছে এবং এখন সহজেই চলাচল করা সম্ভব হচ্ছে।