শিবচর বাজারে প্রশাসনের অভিযান, অবৈধ দখল উচ্ছেদ ও ভেজাল দমনে জরিমানা ৭০ হাজার


admin প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৯:১৮ PM / ১৪১
শিবচর বাজারে প্রশাসনের অভিযান, অবৈধ দখল উচ্ছেদ ও ভেজাল দমনে জরিমানা ৭০ হাজার

মাদারীপুরের শিবচর উপজেলায় অবৈধ দোকান স্থাপনা, ফুটপাত দখল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিবচর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয় এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ফুটপাত দখলমুক্ত করা হয়। এতে বাজার এলাকায় পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত হয় এবং যানজট ও জনভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসে।

এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কয়েকটি খাবার হোটেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পুরাতন তেল ব্যবহারের দায়ে একটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও তিনটি হোটেলকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নামিদামি ব্র্যান্ডের ভুয়া লোগো ব্যবহার ও অতিরিক্ত মূল্য নির্ধারণের অভিযোগে দুটি জুতার দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে একটি গ্যাস ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, অবৈধ দখল ও বাজারে নানা ধরনের অনিয়মের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। ফুটপাত দখল, ভেজাল পণ্য বিক্রি এবং অতিরিক্ত মূল্য আদায়ের মতো কর্মকাণ্ড জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আমরা চাই বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে। সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে, যাতে তারা আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। জনস্বার্থ রক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসন কোনোভাবেই ছাড় দেবে না।

সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা বলেন,
ফুটপাত দখল করে দোকান বসানো ও ভেজাল পণ্য বাজারজাত করা একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করে, তেমনি জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। এসব অনিয়ম বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা নিরাপদ ও ন্যায্য পরিবেশে কেনাকাটা করতে পারবেন।