
মাদারীপুরের শিবচরে দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারকে অপমান করে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে—এমন অভিযোগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার সহপাঠী, বন্ধু-স্বজন ও এলাকাবাসী।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে আজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বজনদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-পোস্টার হাতে তারা সুমাইয়ার মৃত্যুর সঠিক তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান বলেন, “সুমাইয়া নিয়মিত ও শান্ত স্বভাবের ছাত্রী ছিল। বুধবারও সে স্কুলে আসে। কিন্তু পরদিন তার মৃত্যুর খবর পাই। কেউ তাকে আত্মহত্যায় প্ররোচিত করে থাকলে আমরা কঠোর শাস্তি দাবি করছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর, রিফাত মাদবর ও নয়নসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় অপমান করেন। অপমান সহ্য করতে না পেরে গত ১৯ নভেম্বর সুমাইয়া নিজ বাড়িতে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “সুমাইয়া খুবই ভদ্র ও শান্ত মেয়ে ছিল। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। অন্যায়ের শিকার হয়ে সে আত্মহত্যা করেছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চাই।”
সুমাইয়ার স্বজনরা জানান, শিবচর থানায় তারা একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটির তদন্ত চলছে। মামলার ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি—দোষীরা কঠোর শাস্তি না পেলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরও ঘটতে পারে। তারা বলেন, আর কোনো সুমাইয়া যেন এভাবে অকালে ঝরে না যায়।
আপনার মতামত লিখুন :