শিবচরে প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৯:২২ PM /
শিবচরে প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় জ্বালানি সংকটের মধ্যেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রান্তিক কৃষকদের সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরাসরি ডিজেল সরবরাহের বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে জনপ্রতি ১০ লিটার করে ডিজেল বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোরো মৌসুমে সেচের জন্য ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকদের দুর্ভোগ বাড়ছিল। পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিলেন না। এ পরিস্থিতি মোকাবেলায় ডিপো থেকে সরাসরি ১২ হাজার লিটার ডিজেল সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করা হয়। এতে প্রায় ১ হাজার ২০০ কৃষক উপকৃত হবেন।

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। শিরুয়াইল ইউনিয়নের কৃষক মজিবর সরদার বলেন, বোরো মৌসুমে ডিজেল ছাড়া চাষাবাদ করা সম্ভব না। আজ ১০ লিটার তেল পেয়ে অনেকটা স্বস্তি লাগছে। এমন উদ্যোগ থাকলে আমরা নিশ্চিন্তে চাষ করতে পারবো।

অন্য কৃষক জালাল হাওলাদার বলেন,আমাদের মতো প্রান্তিক কৃষকদের জন্য এটি বড় সহায়তা। আগে পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরে আসতে হতো, এখন সরাসরি তেল পেয়ে সেচকাজ চালাতে সুবিধা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান জানান, প্রতিদিন অসংখ্য কৃষক তেল সংগ্রহের জন্য প্রশাসনের কাছে আসছিলেন। কিন্তু পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় তাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না। কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এতে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং কৃষিকাজ স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন।