খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় শিবচরে বিএনপির দোয়া মাহফিল


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৫৯ PM / ২৪০
খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় শিবচরে বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মাদারীপুরের শিবচর উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির এমপি প্রার্থী কামাল জামান মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিবচরের রাজনীতিতে কামাল জামান মোল্লা একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। দলের চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন তার পক্ষেই থাকবে। মুসলিম খান তার বক্তব্যে বলেন, শিবচরের মানুষ জামান মোল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে প্রস্তুত।

সভায় জিয়া খালাশি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে গরিব ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছেন। অথচ এই সময় যারা দায়িত্বে ছিলেন, অনেককেই মাঠে পাওয়া যায়নি। তিনি বলেন, এই আসনে বিজয় নিশ্চিত করতে হলে কামাল জামান মোল্লার মতো ত্যাগী নেতাকেই মনোনয়ন দিতে হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

অন্যান্য বক্তারা বলেন, আওয়ামী লীগ অতীতে দমন-পীড়ন ও নির্যাতনের রাজনীতি চালিয়ে বিরোধী কণ্ঠ দমনের চেষ্টা করেছে। অপরদিকে বিএনপি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। তারা দাবি করেন, পূর্ববর্তী সরকার আমলে কামাল জামান মোল্লাকে দীর্ঘদিন নিজ এলাকায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে।

ভদ্রাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল সরদার বলেন, শিবচরের মানুষের সঙ্গে যার গভীর সম্পর্ক রয়েছে এবং যিনি সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন, এমপি হওয়ার যোগ্যতা একমাত্র তারই রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, নানা বাধা, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি আন্দোলন-সংগ্রাম থেকে পিছপা হননি। দীর্ঘ ১৭ বছর নিজ এলাকায় আসতে না পারলেও দলের আদর্শ ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। মনোনয়ন পাওয়ার পর তা প্রত্যাহার করা হলেও তিনি ন্যায়বিচারের মাধ্যমে আবারও মনোনয়ন ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য, নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী কামাল জামান মোল্লার রাজনৈতিক সাফল্য কামনা করা হয়।