
মাদারীপুর জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার উৎরাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান–এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উৎরাইল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা হাজতে পাঠানো হয়।
ওসি রাকিবুল হাসান বলেন,শিবচর থানার একটি নিয়মিত মামলায় আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। আদালতের নির্দেশনা ও চলমান তদন্তের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকুর রহমান মুরাদ হাওলাদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি আওয়ামীলীগ সরকারের সময় দীর্ঘদিন শিরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তার গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিক ও সাধারণ জনগণের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, সাম্প্রতিক সময়ে ইউনিয়নের কিছু উন্নয়ন প্রকল্প ও রাজনৈতিক কর্মকাণ্ডে বিরোধের জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। অন্যদিকে, মুরাদের ঘনিষ্ঠরা দাবি করছে—এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য করা হয়েছে।
অন্যদিকে পুলিশ বলছে, মুরাদ হাওলাদারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাকে আদালতের নির্দেশে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :