শিবচরে খানকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ১০:৫০ PM /
শিবচরে খানকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী খানকান্দি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘদিন পর পুরনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে একত্রিত হওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। স্মৃতিচারণ, কুশল বিনিময় এবং হাসি-আড্ডায় ভরে ওঠে চারপাশ। মিলনমেলার আয়োজন করে ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা, যাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের কিছু সিনিয়র প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন ইমারত হোসেন, সাইদুর রহমান ও শরিফুল ইসলামসহ অন্যান্য সিনিয়র বড় ভাইরা। তাদের আন্তরিক প্রচেষ্টায় আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আবেগের সঞ্চার করে।

এ সময় শিক্ষক ফরিদ স্যার তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, তোমাদের এই মিলনমেলা দেখে আমি সত্যিই আনন্দিত। বিদ্যালয় শুধু পড়াশোনার স্থান নয়, এটি আমাদের জীবনের স্মৃতির ভান্ডার। তোমাদের এই বন্ধন যেন সবসময় অটুট থাকে।

এছাড়া প্রাক্তন শিক্ষার্থী ইমারত হোসেন বলেন,এই বিদ্যালয় আমাদের শিকড়। আমরা যারা আজ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তাদের পেছনে এই প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। তাই এমন আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।

সাইদুর রহমান তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন,আজকের এই মিলনমেলা আমাদের আবার সেই ছাত্রজীবনে ফিরিয়ে নিয়ে গেছে। ভবিষ্যতেও আমরা সবাই একসঙ্গে থেকে আরও বড় পরিসরে এমন আয়োজন করবো—এটাই আমাদের প্রত্যাশা।

অপরদিকে সিনিয়র প্রাক্তন শিক্ষার্থী শরিফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের আয়োজন শুধু আনন্দের নয়, এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধকে আরও মজবুত করে। নতুন প্রজন্ম ও পুরনো প্রজন্মের মধ্যে একটি সুন্দর সেতুবন্ধন তৈরি হয় এমন মিলনমেলার মাধ্যমে। আমরা চাই এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকুক।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সকল প্রাক্তন শিক্ষার্থীর মঙ্গল কামনা করা হয় এবং অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধন ও পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই।