শিবচরে পদ্মার তীরে স্থাপিত হলো ফ্লাড মার্কার, বন্যা পূর্বপ্রস্তুতিতে নতুন উদ্যোগ


admin প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৮:৩০ AM /
শিবচরে পদ্মার তীরে স্থাপিত হলো ফ্লাড মার্কার, বন্যা পূর্বপ্রস্তুতিতে নতুন উদ্যোগ

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

বন্যার আগাম সতর্কতা জোরদার এবং নদীতীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর তীরে ফ্লাড মার্কার (বন্যার পানি পরিমাপক চিহ্ন) স্থাপন করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় শরীয়াতপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীসুরা এলাকায় পদ্মা নদীর পাড়ে আনুষ্ঠানিকভাবে ফ্লাড মার্কারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ঢাকা অফিসের জাতীয় সমন্বয়কারী শাহজাহান শাজু। এছাড়া উপস্থিত ছিলেন ডব্লিউএফপির খুলনা অফিসের ফিল্ড প্রধান আল মামুন আজাদ এবং শরীয়াতপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।

আয়োজকরা জানান, ফ্লাড মার্কার নদীর পানির উচ্চতা পর্যবেক্ষণের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পানি বিপৎসীমার কাছাকাছি বা নির্ধারিত মাত্রা অতিক্রম করলে স্থানীয় জনগণ সহজেই পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন এবং সময়মতো প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।

তারা আরও জানান, বিশেষ করে নদীতীরবর্তী ও বন্যাপ্রবণ এলাকার মানুষের জীবন, সম্পদ ও জীবিকা রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বন্যার পূর্বাভাস সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ফ্লাড মার্কারের তথ্যের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও জরুরি ব্যবস্থা নেওয়াও সহজ হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. মাহফুজুল হক (এসআরএসপি), বন্দরখোলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।

2