
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় চিকিৎসা সেবায় অনিয়ম, ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে সাতটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১২টি বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (০২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় শিবচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইব্রাহিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক উপস্থিত ছিলেন।
ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে শিবচর সেবা ডায়াগনস্টিক সেন্টার, এইচ.বি.হসপিটাল লিমিটেড, সিটি ডায়াগনস্টিক সেন্টার, শরিফ ডায়াগনস্টিক সেন্টার, শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, শিবচর হলি ফ্যামেলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, হিরাপান্না চক্ষু হাসপাতালসহ মোট সাতটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।
এসময় চিকিৎসায় অনিয়ম, ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ১২ টি বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা ও দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয় ।
শিবচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়েছে। বৈধ অনুমতিসহ সরকারি নিয়মনীতি প্রতিপালন না করায় সাতটি বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, উপজেলার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের সেবার মান উন্নতকরণের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। অভিযানে সাতটি অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিক সিলগালা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়ায় জরিমানা আদায় করে ১২ টি ক্লিনিক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :