

আবুল হাসানাত (আকাশ), শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ পুনর্বিবেচনা ও তাকে শিবচরে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা পরিষদের সামনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এইচ এম ইবনে মিজান ২০২৫ সালের আগস্টে শিবচরে যোগদানের পর থেকে কর্মদক্ষতা, মানবিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে দাবি করেন তারা। তাদের মতে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধানেও তিনি ভূমিকা রেখেছেন।
বক্তারা আরও বলেন, তার বদলির ফলে শিবচরের চলমান উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ জাফর আহমেদ, সাংবাদিক ও রাজনীতিবিদ হাজী ছাইদুজ্জামান নাছিম, কৃষি উদ্যোক্তা ও ব্যবসায়ী কৃষিবিদ মো. শাহিন শিকদার, ইসলামী যুব আন্দোলন শিবচর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আলী আজগর, ইসলামী ছাত্রশিবির শিবচর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মো. মুজাহিদ তালুকদার, তরুণ ছাত্রনেতা মো. মহিউদ্দিন, দারুল উলুম জালিকান্দি কওমি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আলাউদ্দিন শরীয়তপুরী এবং শিক্ষক ও সমাজসেবক মুফতি আকরাম হোসেন মাহমুদী। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :