
রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মাদারীপুরের শিবচরে বিএনপি এক মহাসমাবেশ আয়োজন করেছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর গোলচত্ত্বর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।
মিছিল, স্লোগান, ব্যানার ও পোস্টারে পুরো পাচ্চর বাজার এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। দলের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি প্রচারের অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ২০১৮ সালের মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ছাড়া দেশে গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বিএনপির ৩১ দফা কর্মসূচিই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার রূপরেখা। এই আন্দোলন জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন— জনগণের ক্ষমতা ফিরবেই, বিএনপি সেই লক্ষ্যেই অটল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামিম আহসান চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন ও সদস্য সচিব মনজিল রহমান সিহাব, ওলামা দলের জেলা সদস্য সচিব কুতুবউদ্দিন মাদবর, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল, যুবদল নেতা লিজন চৌধুরী, ওসমান বেপারী, শাহিন মিয়া, মিজান শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ ও সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন চৌধুরী নওয়াব।
বক্তারা বলেন, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার কর্মসূচিই গণতন্ত্র পুনরুদ্ধারের কার্যকর পথনকশা। তারা মনে করেন, দেশের জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়— আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।
আপনার মতামত লিখুন :