
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের যেভাবে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, একইভাবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদেরও আজীবন সম্মানের সঙ্গে স্মরণ করা হবে। পাশাপাশি তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাদারীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহরের শকুনি লেকপাড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্র আজীবন সম্মানের সঙ্গে স্মরণ করবে। মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের মতো তাদের পরিবারও সম্মান ও রাষ্ট্রীয় সহায়তা পাবে।
জাহান্দার আলী মিয়া আরোও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে কেউ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। মাদারীপুরের ১৭ জনসহ সারা দেশের সব শহীদের আত্মত্যাগ রাষ্ট্র চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতীয় সংসদেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বারবার আলোচিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং তাদের অবদান স্মরণ করা হয়। আলোচনা সভা শেষে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না দেশের মানুষ।
এর আগে সকাল ১০টার দিকে জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। পরে জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোছা. জেসমিন আকতার বানু, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা, বিএনপি ও গন অধিকার পরিষদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :