

আবুল হাসানাত আকাশ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন কার্যক্রম জোরদার করতে মাদারীপুরের শিবচরে দুই দফায় দুই হাজার তালের বীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় সংগঠনটির উদ্যোগে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় দেশীয় প্রজাতির খেজুর ও পেয়ারা গাছের চারা এবং এক হাজার তালের বীজ রোপণ করেন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
এর আগে গত ১৭ অক্টোবর উপজেলার ভান্ডারিকান্দি এলাকায় প্রথম দফায় দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, শিমুল ও পেয়ারা গাছের চারা এবং এক হাজার তালের বীজ রোপণ করা হয়। এ নিয়ে দুই দফায় মোট দুই হাজার তালের বীজ রোপণ করল সংগঠনটি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মো. মাসুম মোল্লা, মো. সজিব, এস.এম. দেলোয়ার হোসাইন, শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী।
দেশ সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক, স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পরিবেশ সংরক্ষণ এবং মানুষের কল্যাণে এসব উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
সংগঠনটির সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এ দায়িত্ব পালন করতে হবে। বৃক্ষরোপণ যেন কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং এটি যেন একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়—সেই লক্ষ্যেই নিয়মিত সবুজায়ন কার্যক্রম পরিচালনা করছে দেশ সংগঠন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও আইনজীবী মহিউদ্দিন বলেন, দেশ সংগঠন দীর্ঘ ১৭ বছর ধরে শিবচরে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছে। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি সংগঠনটির এ কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
কর্মসূচির আয়োজক ও স্বেচ্ছাসেবীরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :