

আবুল হাসানাত (আকাশ), শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওলী ফকিরের সমর্থনে নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হুরার কান্দি এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওলী ফকির। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকার বাসিন্দা ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ওলী ফকির বলেন,আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাকে আমি নিজের দায়িত্ব মনে করি। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, রাতে চলাচলের সুবিধার্থে ল্যাম্পপোস্ট স্থাপন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজগুলো আমি সামর্থ্য অনুযায়ী করে আসছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করব।
তিনি আরও বলেন,এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার চলার পথের অনুপ্রেরণা। আমি চাই, বাঁশকান্দি ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষ যেন সমানভাবে উন্নয়নের সুযোগ পায়। সবার সঙ্গে আলোচনা করে এলাকার সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কাজ করাই আমার লক্ষ্য।
বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আসাদ ফকির বলেন,ওলী ফকির দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি এলাকার রাস্তাঘাট মেরামত, বিভিন্ন স্থানে ল্যাম্পপোস্ট স্থাপন এবং অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে তাঁকে পাশে পাওয়া গেছে বলে স্থানীয়রা মনে করেন। আমরা চাই, এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক এবং সাধারণ মানুষের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে সমাধান করা হোক।
উঠান বৈঠকে উপস্থিত বক্তারা বলেন, এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ। তাঁদের ভাষ্য অনুযায়ী, ওলী ফকির বিগত সময়ে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছেন। বিভিন্ন সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন, রাস্তাঘাট মেরামত এবং দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় তাঁর ভূমিকার কথাও তাঁরা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের মতামত, পারস্পরিক সহযোগিতা ও জবাবদিহি গুরুত্বপূর্ণ। এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সামাজিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :