
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নাওডোবা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বাহারুল সরদারের ছেলে আকাশ সরদার (৩১) এবং একই জেলার মুকসুদপুর উপজেলার মো. সাফার মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা (৪০)। তারা দুজনই স্টার এক্সপ্রেস বাসের কর্মী ছিলেন। আকাশ সরদার বাসটির হেলপার এবং ইউনুস মোল্লা সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেস এবং খান পরিবহনের দুটি বাস পদ্মা সেতু পার হয়ে নাওডোবা গোলচত্বর এলাকায় পৌঁছায়। এ সময় খান পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য থামলে পেছন থেকে দ্রুতগতিতে আসা স্টার এক্সপ্রেস বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে স্টার এক্সপ্রেসের হেলপার আকাশ সরদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুপারভাইজার ইউনুস মোল্লাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর শিবচর হাইওয়ে থানা পুলিশ বাস দুটি জব্দ করেছে। বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :