পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে শিবচরে মানববন্ধন


admin প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৮:৫৮ PM /
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে শিবচরে মানববন্ধন

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান তারা।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের বেপারী বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শিবচরের কাঁঠালবাড়ি, চরজানাজাত ও চরচান্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ড্রেজার ব্যবহার করে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরবর্তী এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়ছে।

তারা আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত এসব অবৈধ ড্রেজার বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, নুর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর, মো. মোতালেব বেপারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

2