আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বহুল প্রচারিত দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোঃ আবুল কালাম মল্লিককে দায়িত্ব প্রদান ও সম্মাননা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় শিবচর পোস্ট অফিস-সংলগ্ন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার শিবচর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল খায়ের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন রাহাত মল্লিক।
অনুষ্ঠানে সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় মোঃ আবুল কালাম মল্লিককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পরে পত্রিকার সম্পাদক সোহেল আহমেদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং দায়িত্বের কার্ড পরিয়ে দেন। এ সময় উপস্থিত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও অতিথিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক সোহেল আহমেদ। তিনিa বলেন, গণমাধ্যম কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার, প্রত্যাশা ও সমস্যার কথা বলার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই সাংবাদিকদের সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করতে হবে। কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই গণমাধ্যমের মূল শক্তি।
তিনি আরও বলেন, মোঃ আবুল কালাম মল্লিক নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে পত্রিকার কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে প্রত্যাশা করছি। একই সঙ্গে শিবচরের স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আলোচনা সভায় শিবচর পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম বলেন, স্থানীয় পর্যায়ে মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার আহ্বান জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধা মালেক মনি তাঁর বক্তব্যে মোঃ আবুল কালাম মল্লিককে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেন। একই সঙ্গে দৈনিক লাল সবুজের দেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
বক্তারা বলেন, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো পাঠকের আস্থা। সেই আস্থা অটুট রাখতে হলে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ প্রকাশের কোনো বিকল্প নেই। পাশাপাশি শিবচরের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে দৈনিক লাল সবুজের দেশের সাংবাদিক ও প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষপর্যায়ে নতুন দায়িত্ব পাওয়া মোঃ আবুল কালাম মল্লিকের সফলতা ও দীর্ঘমেয়াদি কার্যক্রমের জন্য শুভকামনা জানানো হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :