

আবুল হাসানাত আকাশ, শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম শহিদ নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা ২২ মিনিটের দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় রোডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জারচর গ্রামের বাসিন্দা। তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় চেষ্টা চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :